Header Ads Widget

Responsive Advertisement

দিবস পালনে আলো, বাস্তবে আঁধার: আদিবাসীদের জন্য কি আদৌ আছে ন্যায়বিচার ?

৯ই আগস্ট — আন্তর্জাতিকভাবে স্বীকৃত “বিশ্ব আদিবাসী দিবস”। নানা মহলে চলছে আলোকসজ্জা, মঞ্চসজ্জা, নৃত্য ও ভাষণের জাঁকজমক।আদিবাসীদের ‘জয়গান’ চলছে, অন্যদিকে বাস্তব চিত্রটা যেন তার সম্পূর্ণ বিপরীত।তবে প্রশ্ন হচ্ছে, এই প্রদর্শনীর আড়ালে আদিবাসী সমাজের বাস্তব জীবনের রক্তাক্ত পাতা গুলো কি কেউ পড়ছে?

ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের সূচনা যেখানে অনেকেই 1857’র সিপাহী বিদ্রোহ দিয়ে বিবেচনা করেন, ইতিহাস জানায় — তারও অনেক আগে আদিবাসীরা ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে অস্ত্র ধরেছিল।

ইতিহাস বলছে — স্বাধীনতা সংগ্রামের অগ্রগামী, আজও পরাধীন বঞ্চনায়।ভারতবর্ষে যখন উপনিবেশ স্থাপন করছিল ইংরেজরা, তখন বন্দুকের গর্জনের আগে গর্জে উঠেছিল আদিবাসীদের তীর-ধনুক। 1766-1834 সালে চুয়াড় বিদ্রোহ, 1818 ভীল বিদ্রোহ,1822-1829 রামোসি বিদ্রোহ,1831-1832 খ্রিস্টাব্দে কোল বিদ্রোহ, 1855-56 সাঁওতাল বিদ্রোহ এবং 1899-1900 সালে উলগুলান বিদ্রোহ।এই বিদ্রোহগুলি ছিল পরাধীনতার বিরুদ্ধে দেশের প্রথম জেহাদ।তবুও আজ যাঁরা ইতিহাসের পাতা রক্তে রাঙালেন, তারা ভোটের পরে উপেক্ষিত, নীতির পরে বিস্মৃত।


    বাস্তব চিত্র বলছে দিবস আছে, অধিকার নেই।

ভারতের 10.45 কোটিরও বেশি আদিবাসী জনগোষ্ঠী, যারা দেশের মোট জনসংখ্যার 8.6% (Census 2011), তাদের অধিকাংশই এখনও রয়েছে অস্বাস্থ্য, শিক্ষা-বঞ্চনা, ভূমিহীনতা ও নিপীড়নের মধ্যে। ঝাড়খণ্ড, ছত্তিশগড়, ওডিশা, পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশ, ত্রিপুরা, নাগাল্যান্ড, এমনকি অরুণাচলেও আদিবাসীদের উচ্ছেদ, খনিজ লোভে বনভূমি অধিগ্রহণ, এবং নিরাপত্তা বাহিনীর অজুহাতে গ্রেফতার – এ যেন নিত্যদিনের খবর।

আদিবাসী গ্রামগুলোতে যখন স্বাস্থ্যকেন্দ্র নেই, স্কুলে নেই শিক্ষক, মাটির ঘর ভেঙে পড়ছে বৃষ্টিতে, তখন শহরে চলছে আদিবাসী দিবসের আলোঝলমলে অনুষ্ঠান।

সকলেই যেন আজ ‘আদিবাসী সংস্কৃতি’-র প্রশংসায় ব্যস্ত। কিন্তু প্রশ্ন উঠছে—এই প্রশংসা কি শুধুই প্রতীকী?এটি ঐতিহাসিক ও সামাজিক সত্য যে ,যারা প্রথম ইংরেজদের বিরুদ্ধে অস্ত্র ধরেছিল, তারা আজ দেশের উন্নয়নযজ্ঞে সবচেয়ে পিছিয়ে, সবচেয়ে বঞ্চিত।যারা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রথম বিদ্রোহ করেছিল, তারা আজও স্বাধীন ভারতের মূল স্রোত থেকে বিচ্ছিন্ন।


আইন আছে, প্রয়োগ নেই

ভারতের সংবিধানের পঞ্চম ও ষষ্ঠ তফসিলে আদিবাসীদের জন্য স্বশাসন, জমির অধিকার, বনব্যবস্থাপনার অধিকার সংরক্ষিত রয়েছে। কিন্তু বাস্তবে PESA (Panchayats Extension to Scheduled Areas Act, 1996) এখনও অধিকাংশ রাজ্যে পূর্ণাঙ্গভাবে কার্যকর নয়।SC/ST Atrocity Act (1989) বহু ক্ষেত্রে প্রয়োগই হয় না প্রশাসন অভিযোগ নিতে চায় না, বিচার বিলম্বিত হয়।FRA (Forest Rights Act, 2006) অনুযায়ী আদিবাসীদের বনের উপর স্বত্ব, চাষ, ও বসবাসের অধিকার থাকলেও 2022 সালের রিপোর্ট অনুযায়ী, দেশে 60% FRA আবেদন খারিজ হয় বিভিন্ন টেকনিক্যাল কারণে।Forest Rights Act (FRA) এখনো অনেক রাজ্যে কার্যকর হয়নি।উন্নয়নের নামে আজও উচ্ছেদ চলছে – জমি আছে, দলিল নেই – ফলে আইনি অধিকারও নেই।জল-জঙ্গল-জমি থেকে বিচ্যুতির ফলে আদিবাসী অর্থনীতি ও সংস্কৃতির শিকড় কেটে ফেলা হচ্ছে।


ভাষা ও শিক্ষা থেকে বঞ্চিত:

National Education Policy(NEP) 2020 অনুযায়ী মাতৃভাষায় শিক্ষা দেওয়ার কথা বলা হলেও তার বাস্তব প্রয়োগ নেই।পশ্চিমবঙ্গে প্রায় 52 লক্ষ আদিবাসী মানুষ বাস করেন, কিন্তু আদিবাসী ভাষায় (সাঁওতালি, কুরুখ, মুন্ডারি) প্রাথমিক শিক্ষা মাত্র হাতে গোনা কয়েকটি বিদ্যালয়ে দেওয়া হয়।

ভাষা—একটি জাতির আত্মার প্রতিফলন, অথচ............

ভারতের আদিবাসী জনগণের প্রায় ২০০টিরও বেশি স্বীকৃত ভাষা ও উপভাষা রয়েছে। কিন্তু এই ভাষাগুলি শিক্ষা বা প্রশাসনে স্বীকৃতি পায় না। সাঁওতালি ভাষা ২০০৩ সালে ভারতের সংবিধানের অষ্টম তফসিলে (Eighth Schedule) অন্তর্ভুক্ত করা হয়েছিল, এবং এটি ২০০৪ সালের 22 ডিসেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়।

 পশ্চিমবঙ্গে সাঁওতালি ভাষা ২০০৪ সালে অষ্টম তফসিলে যুক্ত হলেও এখনও তা সরকারি বিদ্যালয়ে পুরোপুরি চালু হয়নি।

আদিবাসী প্রধান অঞ্চলে শিক্ষা প্রতিষ্ঠানের অভাব,বিদ্যালয় থাকলেও নেই পরিকাঠামো, নেই মাতৃভাষাভিত্তিক পাঠক্রম।নেই মাতৃভাষায় পাঠদান,নেই আদিবাসী ইতিহাসের কোনো স্বীকৃতি।বহু এলাকায় অবকাঠামোর অভাব, নিয়োগ নেই, পাঠদাতা নেই, মাতৃভাষার পাঠ্যপুস্তক নেই।চারিদিকে হোস্টেল বন্ধ, স্কলারশিপের টাকা যথা সময়ে পাওয়া যায় না।


“FAKE ST সার্টিফিকেট--—আদিবাসীদের অস্তিত্বে কুঠারাঘাত”

পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা জুড়ে সরকারি চাকরি, উচ্চশিক্ষা ও রাজনীতিতে সংরক্ষণের সুযোগে ‘ভুয়ো ST সার্টিফিকেট’-এর রমরমা এতটাই বেড়েছে যে, প্রকৃত আদিবাসীরা পেছনে পড়ে যাচ্ছেন। বহু জেলাতেই দেখা যাচ্ছে, আদিবাসীদের কোটায় চাকরি করছে এমন সব ব্যক্তি, যাদের আদিবাসী সমাজের সঙ্গে কোনও সম্পর্কই নেই।বর্তমানে সংরক্ষণের সুযোগে ভুয়ো ST সার্টিফিকেট ব্যবহার করে সুবিধা আদায়ের প্রবণতা ভয়াবহ রূপ নিয়েছে।প্রশাসনের নাকের ডগায় দীর্ঘদিন ধরে এই প্রতারণা করবার চলছে। এই প্রতারণা শুধু আইন লঙ্ঘন নয়—এটি আদিবাসী অস্তিত্বে সরাসরি আঘাত।

পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির পক্ষ থেকে বিগত কয়েক বছর ধরে দফায় দফায় স্মারকলিপি দেওয়া হলেও প্রশাসনের তরফে কার্যত কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখা যায়নি।রাজ্যের শিক্ষাদপ্তর, স্বাস্থ্য দপ্তর, BCW দপ্তর, মহকুমা শাসক, জেলাশাসক, এমনকি রাজ্যের ST কমিশনে অভিযোগ করেও কিন্তু কোনো স্থায়ী সমাধান হয়নি।বহুক্ষেত্রে এর বিরুদ্ধে হাইকোর্ট ও সুপ্রিমকোর্টে কেস চলছে।


কীভাবে একটি জাতিকে রাষ্ট্রের অন্তরালে রেখে দেওয়া হলো?

ভোটে প্রয়োজন, তারপর বিস্মরণ।

সংবিধান আছে, প্রয়োগ নেই।

উচ্ছেদ আছে, পুনর্বাসন নেই।

আইন আছে, শুনানি নেই।

Fake ST আছে, ন্যায় নেই।

উৎসব আছে (৯ আগস্ট), কিন্তু সারা বছরের বঞ্চনা ঢাকতে উৎসব দিয়ে কিছুই হয় না।

সংবিধান আছে, কিন্তু তার প্রয়োগ নেই। আইন আছে, কিন্তু ন্যায় নেই।বিশ্ব আদিবাসী দিবস পালিত হয় বছরে একবার, অথচ বছরের ৩৬৫ দিন আদিবাসীরা শোষিত, অধিকার বঞ্চিত,নিপীড়িত ও লাঞ্ছিত।

👉 এই অবিচারের বিরুদ্ধে সচেতন নাগরিক সমাজ, আদিবাসী নেতৃত্ব ও মানবাধিকার সংগঠনগুলোকে আরও সংগঠিত, প্রতিবাদী ও কার্যকর হতে হবে।


🏹🏹🏹 Kherwalvoice ✍️✍️✍️


FACEBOOK PAGE           FACEBOOK GROUP

                Kherwalvoice.com




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ