জাতীয় স্তরে আদিবাসী ক্রীড়া প্রতিভার অন্বেষণে আয়োজিত ‘খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস ২০২৬’-এর পুরুষ ফুটবলে চ্যাম্পিয়ন হলো পশ্চিমবঙ্গ। শুক্রবার স্বামী বিবেকানন্দ স্টেডিয়াম-এ অনুষ্ঠিত মেগা ফাইনালে আয়োজক রাজ্য ছত্তিশগড়-কে ১-০ গোলে পরাজিত করে সোনার পদক জিতে নিল বাংলার দল।
গ্যালারি ভরা দর্শকদের সামনে অনুষ্ঠিত এই রোমাঞ্চকর ম্যাচে শুরু থেকেই দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলে। প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে, ৪৪ মিনিটে পেনাল্টি পায় পশ্চিমবঙ্গ। সেই সুযোগ কাজে লাগিয়ে ঠান্ডা মাথায় নিখুঁত শটে বল জালে জড়িয়ে দলকে এগিয়ে দেন স্ট্রাইকার চাকু মান্ডি।
দ্বিতীয়ার্ধে গোল শোধের মরিয়া চেষ্টা চালায় ছত্তিশগড়, তবে বাংলার মজবুত রক্ষণভাগ এবং গোলরক্ষক আকাশ ওরাওঁ-এর দুর্দান্ত পারফরম্যান্সে সেই চেষ্টা ব্যর্থ হয়। শেষ পর্যন্ত ১-০ ব্যবধানেই জয় নিশ্চিত করে পশ্চিমবঙ্গ।
স্কোরলাইন: পশ্চিমবঙ্গ ১ – ০ ছত্তিশগড়
গোলদাতা: চাকু মান্ডি (৪৪ মিনিট, পেনাল্টি)
পুরো টুর্নামেন্ট জুড়ে অপরাজিত থেকে এবং একটি গোলও হজম না করে ফাইনালে পৌঁছে চ্যাম্পিয়ন হয় বাংলা। দলের অধিনায়ক ছিলেন অমিত টুডু। স্কোয়াডে আরও ছিলেন— আকাশ ওরাওঁ (গোলরক্ষক), চাকু মান্ডি, বিজয় মুর্মু, রাহুল মুর্মু, সৌরভ সব্বর, করণচাঁদ মুর্মু, সঞ্জয় ওরাওঁ, দিলীপ ওরাওঁ, সুজল মুন্ডা, মঙ্গল সরেন, মার্শাল কিস্কু,সুকচাঁদ কিস্কু, মুন্না মান্ডী, প্রভাত সরেন, সৌগত হাঁসদা, রঞ্জন সরেন, হৃতিক হাঁসদা, দীপঙ্কর টুডু, সঞ্জয় মান্ডী এবং জীতেন সরেন।
দলের এই সাফল্যের নেপথ্যে ছিলেন প্রধান কোচ রঞ্জন ভট্টাচার্য। তাঁর দক্ষ পরিকল্পনা ও প্রশিক্ষণে দল এই ঐতিহাসিক সাফল্য অর্জন করে। দলের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন সুজিত সরেন। এই জয়ের পর ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন-এর সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায় এবং সচিব অনির্বাণ দত্ত দলকে অভিনন্দন জানান।
ম্যাচ শেষে কোচ রঞ্জন ভট্টাচার্য বলেন,
“এই জয় বাংলার আদিবাসী ফুটবলারদের কঠোর পরিশ্রমের ফসল। মাঠের প্রতিটি ইঞ্চিতে ছেলেরা লড়াই করেছে। এই সাফল্য প্রমাণ করে যে বাংলার ফুটবলের ভবিষ্যৎ উজ্জ্বল এবং তৃণমূল স্তরে প্রতিভার কোনো অভাব নেই।”
এই জয়ের মাধ্যমে ছত্তিশগড়ের মাটিতে বাংলার ফুটবল আবারও তার শক্তির পরিচয় দিল এবং আদিবাসী প্রতিভার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল।
FACEBOOK GROUP 🏹 FACEBOOK PAGE
Email 🆔-kherwalvoice@gmail.com



0 মন্তব্যসমূহ