Header Ads Widget

Responsive Advertisement

আদিবাসী স্বার্থ রক্ষায় আপসহীন লড়াই: পূর্ব বর্ধমানে সম্পন্ন হলো কল্যাণ সমিতির তৃতীয় দ্বি- বার্ষিক রাজ্য সম্মেলন।

 

নিজস্ব সংবাদদাতা: পাহাড় থেকে জঙ্গলমহল—আদিবাসী অধিকার রক্ষার লড়াইকে আরও জোরদার করার আহ্বান জানিয়ে পূর্ব বর্ধমান জেলার জাহের চত্বরে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হলো পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির দ্বি-বার্ষিক তৃতীয় রাজ্য সম্মেলন ২০২৬।গত ২০ ও ২১ মার্চ, দুই দিনব্যাপী এই সম্মেলন রূপ নেয় এক মহামিলনক্ষেত্রে, যেখানে রাজ্যের নানা প্রান্ত থেকে আগত অসংখ্য প্রতিনিধি ও আদিবাসী সমাজের মানুষের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে সমগ্র প্রাঙ্গণ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তপন কুমার সর্দার। বিশেষ অতিথি হিসেবে সভামঞ্চ অলঙ্কৃত করেন বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবী ডা. সুশীল মুর্মু এবং বিজ্ঞানী ও সমাজসেবী, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. বিপন টুডু।তাঁদের প্রজ্ঞাপূর্ণ উপস্থিতি ও অনুপ্রেরণামূলক বক্তব্য সম্মেলনকে এক অনন্য মাত্রা প্রদান করে।



সম্মেলনের সূচনা হয় সংগঠনের পতাকা উত্তোলনের মাধ্যমে। প্রথম দিনে সংগঠনের গত দুই বছরের কর্মকাণ্ড তুলে ধরা হয় এবং আদিবাসী সমাজের বর্তমান সমস্যা, ভুয়ো এসটি সার্টিফিকেট,সংস্কৃতি রক্ষা,আদিবাসী সমাজের আর্থ-সামাজিক উন্নয়ন,সাংবিধানিক অধিকার রক্ষা, শিক্ষা, চাকরি ও ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

দুই দিনের সম্মেলনে সংগঠনের গত দুই বছরের কার্যক্রম এবং আয়-ব্যয়ের বিস্তারিত বিবরণ তুলে ধরা হয়। উপস্থিত প্রতিনিধিরা তা অনুমোদন করেন। পাশাপাশি, সংগঠনের ইতিহাস, আদর্শ এবং আদিবাসী সংস্কৃতির নানা দিক তুলে ধরে একটি বিশেষ স্মারক ‘স্মরণিকা' প্রকাশ করা হয় । যা অনুষ্ঠানের একটি গুরুত্বপূর্ণ আকর্ষণ ছিল।

সম্মেলনের মূল আলোচনার কেন্দ্রে ছিল ভুয়ো জাতিগত শংসাপত্র বা 'ফেক এসটি' ইস্যু। সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করা হয়,জাল শংসাপত্রের মাধ্যমে অ-আদিবাসীরা সংরক্ষিত সুযোগ দখল করছে, ফলে প্রকৃত আদিবাসীরা বঞ্চিত হচ্ছেন। এই পরিস্থিতির বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন নেতৃত্ব। প্রয়োজনে রাজপথ থেকে আদালত পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার কথাও জানানো হয়।



এই অনিয়মকে কেবল প্রশাসনিক ব্যর্থতা নয়, বরং সংবিধানপ্রদত্ত অধিকারের সরাসরি লঙ্ঘন হিসেবে চিহ্নিত করা হয়।বক্তারা স্পষ্ট ভাষায় বলেন, Article 14 অনুযায়ী সকল নাগরিকের সমান অধিকারের কথা বলা হলেও, বাস্তবে ভুয়ো ST সার্টিফিকেটের দৌরাত্ম্যে প্রকৃত আদিবাসীরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। একইসঙ্গে Article 15(4) এবং Article 16(4)-এর মাধ্যমে প্রবর্তিত সংরক্ষণ নীতির চরম অপব্যবহার নিয়েও ক্ষোভ উগরে দেন বক্তারা। তাঁদের বক্তব্য, যে সংরক্ষণ আদিবাসী সমাজের উন্নয়ন ও সুরক্ষার জন্য প্রণীত, তা আজ ভুয়ো শংসাপত্রের কারণে বিকৃত হয়ে পড়েছে।

এছাড়াও, Constitution (Scheduled Tribes) Order, 1950 অনুযায়ী তফসিলি উপজাতির পরিচয় নির্ধারণের স্পষ্ট আইনি কাঠামো থাকা সত্ত্বেও, তার অপব্যবহার এক গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত বহন করছে বলেও মত প্রকাশ করা হয়।

সম্মেলনের দ্বিতীয় দিনে সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য নতুন রাজ্য কমিটি গঠন করা হয়। সংগঠনের নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হন বালক রাম সরেন এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব নেন পূর্ণচন্দ্র সর্দার। দায়িত্ব গ্রহণের পর তাঁরা জানান, আদিবাসী সমাজের অধিকার ও অস্তিত্ব রক্ষার প্রশ্নে কোনো রকম আপস করা হবে না।



 নব নিযুক্ত রাজ্য সভাপতি বালকরাম সরেন ঘোষণা করেন, "ভবিষ্যতে ফেক এসটি সার্টিফিকেটধারীদের বিরুদ্ধে আমাদের আন্দোলন আরও জোরদার হবে। প্রকৃত আদিবাসীদের হক যারা কেড়ে নিচ্ছে, তাদের আমরা রেয়াত করব না।"

পাশাপাশি,সরকারি চাকরিতে নিয়োগ প্রক্রিয়ায় ভুয়ো ST সার্টিফিকেটের মাধ্যমে বেআইনিভাবে পদ দখল এবং চরম দুর্নীতির বিরুদ্ধে কড়া ভাষায় প্রতিবাদ জানিয়ে তীব্র আন্দোলনের হুঁশিয়ারি দেয় সমিতি। নেতৃবৃন্দ হুঙ্কার দিয়ে বলেন, যোগ্য আদিবাসী প্রার্থীরা যাতে বঞ্চিত না হয়, তার জন্য বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। আন্দোলনের রূপরেখা স্পষ্ট করে পূর্ণচন্দ্র সর্দার বলেন, "প্রয়োজনে রাজপথে লড়াই হবে, আবার প্রয়োজনে আদালত পর্যন্ত আমরা যাব। মাঠ হোক বা আদালত—আদিবাসীদের অধিকার ছিনিয়ে নিতে আমরা বদ্ধপরিকর।"

সম্মেলনের শেষ পর্বে আগামী দিনের কর্মসূচি ও আন্দোলনের পরিকল্পনা ঘোষণা করা হয়। গ্রাম থেকে জেলা স্তর পর্যন্ত সংগঠনকে আরও শক্তিশালী করা, শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং বনাধিকার আইন কার্যকর করার দাবিতে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হয়।




FACEBOOK GROUP  🏹  FACEBOOK PAGE

                       Kherwalvoice.com

     Email 🆔- Kherwalvoice@gmail.com






একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ